লিভারপুলের হয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করলেন ভার্জিল ফন জিক। অল্পের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া করলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে অলরেডরা। রক্ষণে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জিক ব্যালন ডি’অর জিতবেন বলে বিশ্বাস অনেকের। তবে এই ডাচ তারকা নিজে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রাখছেন লিওনেল মেসিকেই।
শনিবার রাতে টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে লিভারপুল। যে কারণে ২০১৮-১৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় জিককে ব্যালন ডি’অরের দৌড়ে সামনের সারিতেই দেখছেন ফুটবল বোদ্ধারা।
জিক নিজে মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে বললেন, ‘আমি মনে করি মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আমার মতে, সে যতদিন খেলে ততদিন এটি পাওয়ার যোগ্য। আমি মনে করি না আমি এটি পাবো। আমার মতে মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল না খেললেও সেটি কোনো ব্যাপার নয়।’
মেসিকে টপকে জিক যদি ব্যালন ডি’অর জেতেন তবে সেটি ডিফেন্ডারদের অনুপ্রেরণা জোগাবে। ২০০৬ সালে ফ্যাবিও ক্যানাভারোর পর আর কোনো ডিফেন্ডার যে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ অ্যাওয়ার্ডটি হাতে তুলতে পারেননি।







