বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুর হত্যাকারীদের বিচারের দাবিতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়।
গত ২০ই মে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভিক্ষু হত্যাকারীদের দ্রুত বিচার এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানানো হয়।
সমাবেশে নিহত বৌদ্ধ ভিক্ষুর ছবি সম্বলিত ব্যানার ও বিভিন্ন প্লেকার্ড নিয়ে প্রবাসী বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন। এই সময় অন্যান্য সম্প্রদায়ের লোকজন, আমেরিকা, নেপাল, শ্রীলংকা, জাপানসহ বিভিন্ন প্রবাসীরাও তাদের সাথে দাড়িয়ে একাত্ততা প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশ আয়োজনকারীদের অন্যতম সত্যানন্দ ভিক্ষু বলেন: বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, অহিংসার ধর্ম, তাই একজন নিরীহ বৌদ্ধ ভিক্ষুকে হত্যার বিচার আমরা দেখতে চাই। ২০১২ সালেও বাংলাদেশে নিরীহ বৌদ্ধদের উপর আক্রমন হয়েছিল, কিন্তু কোন বিচার হয়নি। এইবার হত্যাকারীদের বিচার করে যেন দেখিয়ে দেয় সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় কোন ছাড় দেবে না। 
আমেরিকান মানবাধিকার নেতা টম এসকিল্ডসন তার প্রতিবাদে বলেন, বাংলাদেশে ভিক্ষু হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকার যেন এই হত্যাকাণ্ডের কারণ বের করে তার সুষ্ঠ বিচার করেন।
বুড্ডিষ্ট কাউন্সিল অফ নিউইয়র্কের সভাপতি, জাপানী বৌদ্ধ ভিক্ষু টি.কে নাকাগাকি বলেন: একজন শান্তি প্রিয় বয়স্ক বৌদ্ধ ভিক্ষুকে যারা হত্যা করে তাদের কোন ধর্ম নেই, কারণ কোন ধর্মেই আঘাত বা হত্যা করার নির্দেশ নেই। তিনি বাংলাদেশ সরকারের কাছে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের আশা ব্যক্ত করেন। এই সময় অংশগ্রহণকারীরা ওই ওয়ান্ট জাস্টিস বলে বলে স্লোগান দিতে থাকেন।
রনবীর বড়ুয়া তার বক্তব্যে হেইট ক্রাইম আইন করার দাবি জানান এবং চাকরি ও শিক্ষায় সংখ্যালঘুদের সমান অধিকারের দাবি জানান। তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবিও জানান।








