প্রথমে ব্যাট হাতে দুজনে দলীয় স্কোরে যোগ করেন ৬১ রান। পরে বল হাতে সমান দুটি করে উইকেট। উভয়ই ধরেছেন একটি করে দর্শনীয় ক্যাচও। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির এমন পারফরম্যান্সে অস্বস্তির প্রথম দিনের পর দ্বিতীয় দিনেই সুবিধাজনক অবস্থানে চলে এসেছে নিউজিল্যান্ড।
আগের দিনের ৭ উইকেটে ২৮৬ রান নিয়ে ব্যাট করতে নামা স্বাগতিকরা রোববার প্রথম ইনিংস শেষ করেছে ৩৭৩ রানে। হ্যামিল্টন টেস্টে পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৫ রান নিয়ে দ্বিতীয় দিনশেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে নৈপুণ্য দেখানোর আগে ব্যাট হাতেও ওয়েস্ট ইন্ডিজকে ভোগান সাউদি ও বোল্ট। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাই দ্বিতীয় দিনে গেল হারিয়ে। নেইল ওয়াগনারের উইকেটটা দিনের শুরুতে সহজভাবেই তুলে নিয়েছিলেন ক্যারিবীয় বোলাররা।
তবে টম ব্লান্ডেল, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট তিনজনই বেশ ভুগিয়েছেন সফরকারীদের। তিনজনের প্রচেষ্টায় বাকি ২ উইকেটে আরও ৮৭ রান যোগ করতে সক্ষম হয় কিউইরা। বোল্ট ৩৭ রানে অপরাজিত ছিলেন। আর সাউদি ৩১ ও ব্লান্ডেল করেন ২৮ রান।
পরে বোলিংয়েও নিউজিল্যান্ডকে দাপুটে অবস্থানে ফিরিয়ে আনেন সাউদি-বোল্ট জুটি। ইনিংসের প্রথম ওভারেই কাইরন পাওয়েলকে ফেরান সাউদি। তিনে নামা শিমরন হেটমায়ারকে অসাধারণ এক ফিরতি ক্যাচে ফেরান বোল্ট। ওয়েস্ট ইন্ডিজ পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিরতিতে যায়। লড়াই করে গেছেন কেবল ক্রেইগ ব্র্যাথওয়েট। ক্যারিবীয় অধিনায়ক ফিরেছেন ৬৬ রানে।
বৃষ্টি বাধা আর ক্যারিবিয়ান লোয়ার অর্ডারের কিছুটা প্রতিরোধে এদিন আর অলআউট হয়নি ওয়েস্ট ইন্ডিজ। অভিষিক্ত অলরাউন্ডার রেইফার ২২ রানে অপরাজিত ৮২ বলে। এর আগে শেন ডওরিচ করেছেন ৩৫ রান।
নিউজিল্যান্ডের চার পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার দুটি করে উইকেট নেন।










