বাংলাদেশে বেসরকারি খাতে চাকরির বাজারে একটি উল্লেখযোগ্য অংশ দখল করে আছেন বিদেশীরা। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে কাজ করা বিদেশির সংখ্যা দুই লাখ। বিভিন্ন খাতের উচ্চ পদে ও কারিগরি ক্ষেত্রে বিদেশীদের চাহিদা বেশি।
দক্ষতা ও যোগ্যতার কারণে দেশের বেসরকারি খাতে কাজ করা বিদেশীর সংখ্যা অনেক। ওই বিদেশীদের মধ্যে সংখ্যায় এগিয়ে ভারতীয়রা, এরপর চীনারা।
বিদেশী নাগরিকদের কাজের অনুমতি দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা, বেপজা এবং এনজিও বিষয়ক ব্যুরো। বেশিরভাগ অনুমতি দেয় বিডা।
একক খাত হিসেবে সবচেয়ে বেশি বিদেশী কাজ করছেন পোশাক শিল্পে। কারিগরি ও পণ্য উৎপাদন প্রক্রিয়ার উচ্চ পদগুলোতে বেশি কাজ করছেন তারা। তাদের বেতন বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি। ক্ষেত্র বিশেষে দুই থেকে তিনগুণ।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডগুলোতেও কাজ করছেন বিদেশী নাগরিকরা। বাংলাদেশের মোবাইল টেলিকম সেক্টরে শুরু থেকেই কারিগরি ও ব্যবসায়সহ বিভিন্ন পদে বিদেশীরা কাজ করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, চাইলে বাংলাদেশীরাও বিদেশীদের চাকরির বাজারে ভাগ বসাতে পারেন। তবে এজন্য মানসিকতার পরিবর্তন দরকার। সাধারণ শিক্ষার তুলনায় প্রয়োজন মানসম্মত কর্মমুখী শিক্ষার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








