ফুটবল

বেলজিয়ামকে বাড়ির পথ দেখিয়ে সেমিতে ইতালি

ইতালির ফুটবল দল সেমিফাইনালে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির ফুটবল দল সেমিফাইনালে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুরুতে দুই গোলে এগিয়ে, পরে এক গোল হজম, সবই প্রথমার্ধের ঘটনা। পরের অর্ধে একই স্কোরলাইন আটকে রেখে ইউরোর সেমিফাইনালের টিকেট কেটেছে ইতালি। বেলজিয়ামকে বাড়ির পথ দেখিয়ে সেরা চারে গেছে রবের্তো মানচিনির শিষ্যরা।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতের ম্যাচে ইউরোর দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়েছে শিরোপা প্রত্যাশী ইতালি।

মঙ্গলবার সেমিতে ইতালির প্রতিপক্ষ স্পেন। যারা সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় রেখে, টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে সেরা চারের টিকেট কেটেছে।

টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া ইতালি ১৩ মিনিটেই গোলের দেখা পেয়েছিল। কিন্তু লিওনার্দো বোনুচ্চির গোলটি ভিএআরে অফসাইডের খাড়ায় বাতিল হয়ে যায়।

অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩১ মিনিটে জাল খুঁজে নেয় আজ্জুরিরা। মার্কো ভেরাত্তির বাড়ানো বলে জালের দেখান পান নিকোলো ব্যারেল্লা।

ম্যাচের ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। দূরপাল্লার শটে লক্ষ্য খুঁজে নেন লরেঞ্জো ইনসিগনে।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টিতে এক গোল ফিরিয়ে দেয় বেলজিয়াম। জেরোমিকে নিজ বক্সে ফাউল করে সুযোগ উপহার দেয় আজ্জুরিরা। রোমেলু লুকাকু জালে বল জড়াতে ভুল করেননি।

মধ্যবিরতির পরপরই সেই লুকাকু দারুণ দুটি সুযোগ নষ্ট করেন। ম্যাচের শেষ আধাঘণ্টায় দুদলই কিছু আক্রমণ শানিয়েছে, কিন্তু জালের দেখা পায়নি। তাতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল বেলজিয়ামের সেমির স্বপ্ন ভেঙে যায়, টিকে থাকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

বিষয়:ইউরো ২০২০ ইউরো-২০২১ ইতালি-বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…