লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, মার্সেলো, করিম বেনজেমা। যতই সময় যাচ্ছে কর ফাঁকির দায়ে পাপীদের তালিকা ততই লম্বা হচ্ছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের ওয়েলস ফরোয়ার্ডকে কর ফাঁকির দায়ে বিশাল অঙ্কের অর্থ জরিমানা করেছে স্প্যানিশ কর বিভাগ।
স্পেন কর্তৃপক্ষের বরাতে সেদেশের সংবাদমাধ্যম এল মুন্ডো জানাচ্ছে, ২০১৩ সালে এক ব্রিটিশ প্রতিষ্ঠানের মাধ্যমে ২ লাখ ইউরো কর ফাঁকি দেন বেল। টটেনহ্যাম হটস্পার থেকে সে বছরই রিয়ালে যোগ দেন এ ওয়েলস ফরোয়ার্ড।
ফাঁকি দেয়া ২ লাখের সঙ্গে ১ লাখ জরিমানা ও সুদ ৩৭ হাজার ইউরো মিলিয়ে মোট ৩ লাখ ৩৭ হাজার ইউরো গুণতে হবে বেলকে।
বেলকে নিয়ে বর্তমান রিয়াল দলের পাঁচজনকে জরিমানা করল স্পেনের কর কর্তৃপক্ষ। লুকা মদ্রিচ, মার্সেলো, করিম বেনজেমা ও সার্জিও রামোস আছেন এই তালিকায়। কর ফাঁকির জন্য ৫ লাখ ইউরো জরিমানা গুণেছেন বেনজেমা। আর রামোস তার জেল এড়িয়েছেন ১ লাখ ইউরোতে।








