স্পটকিক থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট ও চোটে পড়ার জন্যই কেবল নয়, আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় রোববারের রাতটি করিম বেনজেমার জন্য তিক্ততা বয়ে এনেছে। যখন এলচের বিপক্ষে ম্যাচ খেলছিলেন, স্পেনের মাদ্রিদে সান সেবাস্তিয়ান ডে লস রেয়েসে তার বিলাসবহুল বাড়িতে ভাঙচুর করে হয়েছে ডাকাতি।
স্প্যানিশ গণমাধ্যম আউটলেট টুয়েন্টি মিনুটস এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচের পর বেনজেমা বাড়িতে গিয়ে দেখতে পান ক্ষয়ক্ষতির দৃশ্য। দেখেন কেউ এসে ভাঙচুর করে গেছে। খোয়া যাওয়া জিনিসপত্রের বিস্তারিত জানাতে পারেনি পত্রিকাটি।
বাগানের ভেতর দিয়ে ঢুকে পড়েছিল অজ্ঞাতরা, এ সময় বাড়িতে কেউই উপস্থিত ছিলেন না।
আগেও বেনজেমার বাড়িতে তার অনুপস্থিতিতে একই ঘটনা ঘটেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। সেসময় তিনি রিয়াল দলের সঙ্গে বার্সেলোনায় ছিলেন।







