ইনজুরির কারণে টানা দ্বিতীয় ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নামতে পারেননি করিম বেনজেমা। দলও ব্যর্থ হয়েছে আরেকবার। সপ্তাহখানেক আগেও দারুণ ছন্দে থাকা রিয়ালকে এবার পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ভিলারিয়ালের সাথে।
শনিবার এস্তাদিও সেরামিকায় ভিলারিয়ালের সাথে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে দীর্ঘ বিরতির পর এ ম্যাচের মধ্যদিয়ে মাঠে ফিরেছেন ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল।
তবে এই ম্যাচ ড্র করায় খুব বেশি ক্ষতি হয়নি রিয়ালের। ২৪ ম্যাচে ১৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর ২৪ ম্যাচে ৯ জয় নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ভিলারিয়াল।
বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা রিয়াল এদিন প্রথমার্ধে ভালো কোনো আক্রমণ-ই শানাতে পারেনি। ১৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভিলারিয়াল। কিন্তু দানজুমার নেয়া শট গোল পোস্টে গিয়ে লাগে।
৩৮তম মিনিটে আবারও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। এবার আলবের্তোর নেয়া শট কর্তোয়ার দেয়াল ভেদ করতে পারেনি। প্রথমার্ধে ৭ টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে আরও মনোযোগী হয় রিয়াল। দীর্ঘদিন পর মাঠে ফিরে আক্রমণে বেশ ভালো করেছেন গ্যারেথ বেল। ৫৫তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে নেয়া বেলের শট গোলকিপারের হাতে লেগে ক্রসবারে বাঁধা পায়।
দুই মিনিট ব্যবধানে আবারও সুযোগ পায় রিয়াল। কিন্তু এবারও রুলির বাঁধা টপকাতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। ম্যাচের বাকি সময় রিয়াল একের পর এক আক্রমণ করে গেলেও কোনো সাফল্য আসেনি। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির শিষ্যদের।









