বিপুল নিরাপত্তাবলয় ভেঙে বৃহস্পতিবার ডেভিড বেকহ্যামের বাড়িতে চোর হানা দিয়েছে। ঘটনার সময় লন্ডনের বাড়িতেই ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার। স্ত্রী ভিক্টোরিয়া ও কন্যা হার্পার সেভেনও বাড়িতে ছিলেন।
অতিথি কক্ষের জানালা ভেঙে চোর ঘরের ভেতর এসেছিল এবং বিষয়টি প্রথম নজরে আসে বেকহ্যাম পুত্র ক্রুজের। বন্ধুদের সাথে পার্টি সেরে গভীর রাতে বাসায় ফিরে ভাঙা জানালা চোখে পড়ে তার।
‘দুর্ভাগ্যজনকভাবে বেকহ্যামের পরিবার এলাকার কিছু দুর্ধর্ষ চোরের কবলে পড়েছে। তবে চোর যে শয়নকক্ষে না ঢুকেই পালিয়ে গেছে এটাই আপাতত স্বস্তির।’
বেকহ্যাম তাৎক্ষণিকভাবে ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ডেকেছেন। পুলিশ তল্লাশি করে কোনো চোরের সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোরের আসার বিষয়টি নিশ্চিত করে বাসার নিরাপত্তা কর্মীরা।
২০১৮ সালে বেকহ্যামের এই বাড়িতেই তিনজন চোর ঢুকে পড়েছিল। সেবারও তাদের ধরতে ব্যর্থ হয় পুলিশ।








