বুধবার কক্সবাজার পৌরসভা নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন

সাড়ে ৭ বছর পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভার নির্বাচন। সোমবার রাতেই শেষ হয়েছে সব ধরণের নির্বাচনী প্রচারণা।
ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। এ জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার কথা নিশ্চিত করা হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সোমবার রাত থেকে টহল শুরু করেছে বিজিবি র্যাব। সোমবার প্রার্থীরা শো ডাউন করে তাদের শেষ প্রচারণার পাশাপাশি ভোটারদের প্রর্দশন করেছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন জানান, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে ৩৯টি ভোটকেন্দ্র। সবগুলো কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে নেয়া হয়েছে। নির্বাচন কমিশনও এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে সেভাবেই আইনশৃংখলা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করেছেন বলে তিনি জানান। ইতোমধ্যে ১২ ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রের জন্য নির্বাচন কমিশন সচিবালয় থেকে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন। প্রত্যেকটি ওয়ার্ডের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। তাদের সাথে থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে ২ প্লাটুন বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ৬টি টহলদল এবং প্রত্যেক কেন্দ্রে ১২ থেকে ১৪ জন পুলিশ থাকবে। প্রতি দুইটি কেন্দ্রের জন্য একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে।
এছাড়াও আমর্ড পুলিশ ও আনসার বাহিনীসহ সব মিলে প্রায় এক হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এখন থেকে টহল শুরু করেছে বিজিবি আর র্যাব।






