জনপদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মাঠে ৫ প্রার্থী, মনোনয়ন জমা দিলেন জামায়াতের দেলাওয়ার
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শনিবার প্রথম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে ছিলেন। শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত শুধু দেলাওয়ার হোসেনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। স্থানীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর ভোটারদের অংশগ্রহণকে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

বিষয়:এআইচীনযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

এটিএম সামসুজ্জোহা

ঠাকুরগাঁ প্রতিনিধি (চ্যানেল আই)

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…