‘কিছুই বদলায়নি’, নির্দোষ প্রমাণের পথে আত্মবিশ্বাসী ম্যানসিটি চেয়ারম্যান

প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগে আনা হয়েছিল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতে দোষী সাব্যস্ত হওয়ার খবরও এসেছে সামনে। তবে এখনও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি ক্লাবটি। বরং দীর্ঘ আইনি প্রক্রিয়ায় নিজেদের নির্দোষ প্রমাণ করার ব্যাপারে আত্মবিশ্বাস অটুট রয়েছে বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির চেয়ারম্যান খালদুন আল মুবারক।
শনিবার সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন আল মুবারক। সেখানে জানিয়েছেন, প্রিমিয়ার লিগের আইনি প্রক্রিয়া এখনো শেষ হয়নি এবং ক্লাবের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি।
বলেছেন, ‘আমি ১৮ বছর ধরে এই ক্লাবের সঙ্গে আছি। ইতিহাদ, ওয়েম্বলি ও ইস্তাম্বুলে আপনাদের সঙ্গে থাকার সুযোগ পেয়েছি। এই ক্লাব আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছ থেকেও বারবার জেনেছি, ম্যানচেস্টার সিটি আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এ কারণেই আজ আপনাদের লিখছি।’
তিনি আরও বলেন, ‘শুক্রবারের সংবাদ প্রকাশের পর আপনাদের অনেকেই বন্ধু, পরিবার ও সহকর্মীদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আমিও হয়েছি। আমি আমার পরিবারকে যা বলেছি, তা হলো-প্রিমিয়ার লিগের এই প্রক্রিয়া এখনো অনেক দূর এগোতে হবে। আর ক্লাবের নির্দোষিতা প্রমাণের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস ও সংকল্প শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে।’
দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ে গোপনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন আল মুবারক। বলেছেন, ‘এমন অনেক কিছু আছে, যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাহলে আপনারা বুঝতে পারতেন কেন আমরা নিজেদের অবস্থান নিয়ে এতটা আত্মবিশ্বাসী। কিন্তু আইনি প্রক্রিয়ার কঠোর গোপনীয়তা এবং সেটিকে সম্মান করার আমাদের সিদ্ধান্তের কারণে এখনই তা বলা সম্ভব নয়। এমনকি এই চিঠিটিও প্রকাশের আগে কয়েক দফা আইনি যাচাইয়ের মধ্য দিয়ে গেছে।
আল মুবারক দাবি করেছেন, বাইরের নানা আলোচনা ও সমালোচনা সত্ত্বেও ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বলেছেন, ‘কিছু মানুষ দ্রুত নিজেদের সিদ্ধান্তে পৌঁছে গেছেন এবং আমাদের ঘিরে অনেক ধরনের আলোচনা চলছে। কিন্তু কিছুই বদলায়নি।’
ম্যানচেস্টার সিটি চেয়ারম্যানের এই দৃঢ় অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক সিটি মিডফিল্ডার রদ্রি। বলেছেন, ‘২০২০ সালে আমরা একই ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। অভিযোগটি ভিন্ন ছিল, কিন্তু আইনি প্রক্রিয়াটি ছিল প্রায় একই। প্রথম পর্যায়ে তখনও আমরা দোষী সাব্যস্ত হয়েছিলাম। কিন্তু আমরা ক্লাব এবং ক্লাবের নির্দোষতার দাবিতে বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত আমরা নির্দোষ প্রমাণিত হই। আমি বিচারব্যবস্থায় বিশ্বাস করি এবং ক্লাবের নির্দোষতায়ও বিশ্বাস করি।’
রদ্রির মতে মাঠে দলের অর্জনগুলো শুধু অর্থ দিয়ে তৈরি হয়নি, বরং দীর্ঘদিনের পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা ও একসঙ্গে লড়াইয়ের ফল ছিল সেসব সাফল্য।
বলেছেন, ‘আমরা যা অর্জন করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এসব অর্থ দিয়ে কেনা যায় না, এর পেছনে ছিল প্রতিদিনের পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথচলা। আমরা বছরের পর বছর অনেক সাফল্য পেয়েছি। আমি বলতে পারি, ইংলিশ ফুটবলের অন্যতম সেরা একটি যুগের অংশ ছিলাম আমরা এবং আমাদের অর্জনগুলো প্রাপ্য ছিল।’







