ফুটবল

হয়নি অনুশীলন-সংবাদ সম্মেলন, ইসরায়েল ম্যাচের আগে কেন হোটেলে আয়ারল্যান্ড দল?

হয়নি অনুশীলন-সংবাদ সম্মেলন, ইসরায়েল ম্যাচের আগে কেন হোটেলে আয়ারল্যান্ড দল?

ম্যাচের আগের দিন সাধারণত সংবাদ সম্মেলন ও অনুশীলন নিয়ে ব্যস্ত সময় কাটে দলগুলোর। তবে ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে সেই চেনা চিত্র দেখা গেল না আয়ারল্যান্ডের শিবিরে। নির্ধারিত সময়ের সংবাদ সম্মেলন পিছিয়ে যাওয়ার পাশাপাশি বিলম্বিত হয়েছে দলের অনুশীলনও।

রোববার হাঙ্গেরিতে ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ম্যাচটিকে ঘিরে আগে থেকেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। ফেব্রুয়ারিতে দুই দল একই গ্রুপে পড়ার পর থেকেই আয়ারল্যান্ডে ম্যাচটি নিয়ে বিভিন্ন প্রতিবাদ হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনায় ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড বরাবরই সরব।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে আয়ারল্যান্ড দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানানো হয়, দলের অনুশীলন শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১১টায় হাঙ্গেরির ডেব্রেসেন স্টেডিয়ামে অনুশীলন শুরুর কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের মাঠে দেখা যায়নি। প্রায় দুই ঘণ্টা পরও তারা হোটেলে অবস্থান করছিলেন বলে জানানো হয়। ফলে সংবাদ সম্মেলন ও অনুশীলন-দুটিই অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এর আগে নেশনস লিগের গ্রুপ বি৩-তে নিজেদের প্রথম ম্যাচে কসোভোর কাছে ১-০ গোলে হেরেছিল আয়ারল্যান্ড। ওই ম্যাচের আগে দলের অধিনায়ক দারা ওশিয়া জানিয়েছিলেন, ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি নিয়ে শুক্রবার খেলোয়াড়েরা নিজেদের মধ্যে আলোচনা করবেন।

এদিকে আয়ারল্যান্ডে ম্যাচটি বর্জনের দাবিও জোরালো হয়েছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএআই) সদস্যরা গত নভেম্বরে বোর্ডকে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে স্থগিত করার জন্য উয়েফার কাছে অনুরোধ জানানোর পক্ষে ভোট দিয়েছিলেন।

তবে পরবর্তী সময়ে অবস্থানে পরিবর্তন আসে। জুলাইয়ে এফএআইয়ের বিশেষ সাধারণ সভায় ইসরায়েলের বিপক্ষে পূর্বনির্ধারিত ম্যাচগুলো খেলার পক্ষে প্রস্তাব পাস হয়।

এমন পরিস্থিতিতে হাঙ্গেরিতে গড়াতে চলা ম্যাচটির আগে আয়ারল্যান্ড দলের অনুশীলন ও সংবাদ সম্মেলন ঘিরে তৈরি হওয়া এই অনিশ্চয়তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়:আয়ারল্যান্ডইসরায়েলউয়েফা নেশনস লিগলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…