টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল মুশতাক আহমেদের সঙ্গে চুক্তির মেয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল নতুন চুক্তিতে যেতে। অন্তত সামনের দুই বছরের জন্য। কিন্তু পুরনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে রাজি হননি পাকিস্তানের কিংবদন্তি স্পিনার। তার কোচিংয়ে সাফল্যের মুখ দেখতে শুরু করেছিলেন বাংলাদেশের স্পিনাররা। পারফরম্যান্সে যথেষ্ট খুশি ছিল বিসিবি।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলের পরামর্শক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মুশতাক। কাজ শুরু করবেন চলতি মাসেই। দেশটির জাতীয় দলের সঙ্গেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে তার।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে এ ব্যাপারে বললেন, ‘তিনি (মুশতাক আহমেদ) বিসিবি ছেড়ে চলে যাচ্ছেন ব্যাপারটা এরকম নয়। তার সঙ্গে আমাদের চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্তই। আমরা তাকে রাখতে চেয়েছিলাম। কিন্তু তিনি আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে অঙ্গীকারবদ্ধ ছিলেন।’
স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে দুইমাস কাজ করেছেন মুশতাক। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে যোগ দেন। এরপর যুক্তরাষ্ট্রে সিরিজ ও বিশ্বকাপে দায়িত্ব পালন করেন।
মুশতাক নিজে ছিলেন লেগ স্পিনার। তার মেয়াদে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন দারুণ উন্নতি করেন। টি-টুয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন।
মুশতাকের আগে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ছিলেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। তার সঙ্গে দুবছরের চুক্তি শেষ হয় গতবছরের নভেম্বরে। পরে বিসিবির পক্ষ থেকে নতুন করে দিনভিত্তিক চুক্তির প্রস্তাব দেয়া হলেও হেরাথ আগ্রহ দেখাননি।








