২৫শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। ম্যালেরিয়া মূলত একটি মশাবাহিত সংক্রামক রোগ। সংক্রমিত অ্যানোফেলিস মশা কামড় দিলে ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মাধ্যমে যকৃতে পৌঁছায় এবং সেখানে্ই পরিপক্ক হয়ে বংশবৃদ্ধি করে। ম্যালেরিয়ার সাধারণ লক্ষণসমূহ হলো কাঁপুনি দিয়ে জ্বর, শীতশীত ভাব, মাথা ব্যাথা এবং বমি-বমি ভাব। মারাত্মক পর্যায়ে রোগীর মৃত্যুও হতে পারে। প্রতিবছর প্রায় ৫১.৫ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং প্রায় দশ থেকে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারায় যাদের মধ্যে অধিকাংশই আফ্রিকার সাহারা অঞ্চলের শিশু। ২০১১ সালে ৯৯টি দেশের একটি রিপোর্ট অনুযায়ী ম্যালেরিয়ার সংক্রমণে ১ লাখ ৬ হাজার ৮২০ জনের মৃত্যু হয়। বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭১টি উপজেলায় ম্যালেরিয়া রোগের মারাত্মক প্রাদুর্ভাব রয়েছে। ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম আফ্রিকায় ম্যালেরিয়া দিবস পালন করা হয়। ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাব করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমিই করবো ম্যালেরিয়া নির্মূল’।






