আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
ঘন কুয়াশার চাদরের মাঝেও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ঢল নামে মানুষের। আখেরি মোনাজাতকে ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
এর আগে ভোর থেকেই মহাখালী-টঙ্গী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছায় মানুষ। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশে পাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। সমাপনী হেদায়েতি বয়ান শেষে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত।
তাবলীগ জামাতের দিল্লী মারাকজের সূরা সদস্য মওলানা মোহাম্মদ সাদ যোহরের আগে মুসল্লিদের আমন্ত্রণ জানান আখেরি মোনাজাতে অংশ নিতে। এরপর শুরু হয় মোনাজাত। বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় শুরু হয় আখেরি মোনাজাতে।






