রোববার দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। শুক্রবার শুরু হওয়া বিশ্ব ইজতেমায় দু’দিন ধরে বয়ান চলছে বিভিন্ন ভাষায়। আখেরি মোনাজাতের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছে পুলিশ।
এ পর্বে শীতের তীব্রতা কিছুটা কম হলেও ইজতেমা মাঠের চারপাশে ধূলোয় নাকাল মুসল্লিরা। তারপরও যে যার অবস্থানে থেকে আল্লাহর কাছে রহমত কামনা করেছেন।
সকালে ফজরের নামাজের পর শুরু হয় বয়ান। টানা বয়ানের পর যোহরের নামাজের জন্য কিছুটা বিরতি দেয়া হয়।
ইজতেমার সার্বিক নিরাপত্তা দেখতে যোহরের আগে মাঠে আসেন পুলিশের আইজি। দুপুরে কয়েকলাখ মুসল্লি এক সঙ্গে এ মাঠেই আদায় করেন যোহরের নামাজ। নামাজ শেষে আবার শুরু হয় বয়ান।
রোববার আখেরী মোনাজাতের জন্য প্রস্তুত তুরাগ তীর। এর মধ্যেই রেওয়াজ অনুযায়ী আসরের নামাজের পর ইজতেমা মাঠে পড়ানো হয় যৌতুকবিহীন শতাধিক বিয়ে।
আখেরি মোনাজাতের জন্য রোববার ভোর থেকে ঢাকা থেকে টঙ্গীমুখি সকল যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে ইজতেমার ক’দিন টঙ্গী থেকে সব রুটে বিশেষ বাস ও ট্রেন চালু আছে। আখেরি মোনাজাতের জন্য রোববার বাস এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। রয়েছে র্যাবের বাস সার্ভিসও।
প্রথম পর্বের মতো এ পর্বের আখেরি মোনাজাতও বিশ্ব ইজতেমা ময়দান থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।






