আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২ পর্বে ৬ দিনের বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
এভাবেই দলে দলে ইজতেমা মাঠে আসেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। বেলা বাড়ার আগেই আসতে থাকেন সকলে।
যান চলাচল বন্ধ করে দিলে হেঁটেই তুরাগ তীরে পৌছানোর চেষ্টা ছিলো মুসল্লিদের। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশে পাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। চলে সমাপনি বয়ান।
তাবলীগ জামাতের দিল্লী মারাকজের শূরা সদস্য মাওলানা মুহাম্দ সাদ মুসল্লিদের আমন্ত্রণ জানান আখেরি মোনাজাতে অংশ নিতে। শুরু হয় কাংখিত সেই মোনাজাত।
লাখ লাখ মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।
গুনাহ মাফের পাশাপাশি তাৎপর্যপূর্ণ এই মোনাজাতে দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত কামনা করা হয়। সেসময় আমিন, আল্লাহু আমিন ধ্বনিতে তুরাগ পাড়ের আকাশ বাতাশ মুখরিত হয়ে ওঠে।
বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয় আখেরি মোনাজাতে। এবারও আখেরী মোনাজাত সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।






