বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৫১ জন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৮ লাখ ২৩ হাজার ৫০৬ জন মানুষ।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৫১ জন। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৯ কোটি ৬ লাখ ৩২ হাজার ৯০১ জন । অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ৩১৭ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১২২ জন এবং মারা গেছেন ১৬২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৭ হাজার ৪০৮ জন মারা গেছেন।
এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৭৩ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৩৫ হাজার ৪০১ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। একদিনে দেশটিতে করোনায় মৃত্যু ৮১১ জন এবং নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১৮ হাজার ২৩৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১০ হাজার ৫১৮ জনের।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৪১ জন, তুরস্কে ১২৯ জন, পোল্যান্ডে ৩৩ জন, দক্ষিণ আফ্রিকায় ৩০ জন এবং ভিয়েতনামে ২২১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৯৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৫ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।








