গত ২৪ ঘণ্টায় ইরানে ৩৬ হাজার ৭৭৬ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে আক্রান্তের হিসাবে এই সংখ্যা শুধুমাত্র ইরানে নয় বিশ্বেও সর্বোচ্চ।
১০ আগস্টের এক পরিসংখ্যান বলছে, দেশটির করোনা পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, প্রতি দুই মিনিটে একজন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে এবং প্রতি দুই সেকেন্ডে আক্রান্ত হচ্ছে একই আনুপাতিক হারে।
ওয়াল্ডোমিটার্সের তথ্য মতে, দেশটিতে জুলাই এর শেষ এবং আগস্টের শুরুতে পাল্লা দিয়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। সেখানে আক্রান্ত এমন হারে বৃদ্ধি পাচ্ছে যা বিশ্বের সবচেয়ে সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এমনকি ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে গেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২০ জনের। গত সাতদিনের ব্যবধানে এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ৯ আগস্ট দৈনিক মৃত্যু হয়েছিল ৫৮৮ জনের। এরপর ১২ আগস্ট ৫৬৮জন। অন্যদিকে আক্রান্তের পরিংখ্যানের দৃশ্য বলছে, দেশটিতে ১১ আগস্ট ৪২ হাজারের ওপরে আক্রান্ত হয়েছে এরপর কিছুটা কমে আসলেও আবার বাড়ছে সংক্রমণ হার।
ইরানের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেড এলার্ট জারি করেছে ৩১টি প্রদেশে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে মারা গেছেন ১ হাজার ২২২ জন, আক্রান্ত ২০ হাজার ৮১৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায় ৮১৬, মেক্সিকো ৭৫৩ এবং ইরানে ৬২০ জন।
এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার মানুষের। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৬৪ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৪৩ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।







