অস্ট্রেলিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। তার ফেসবুক পেজের এক বার্তায় তা জানানো হয়েছে।
প্রথম বাংলাদেশী হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’নামে একটি অভিযান চালাচ্ছিলেন নাজরীন। চার বছর আগে তিনি তার এই কর্মসূচি শুরু করেন।
ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত, যার উচ্চতা ৪ হাজার ৮শ ৮৪ মিটার।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, “বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ‘৭১ এর চেতনাকে আরো পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।’
এই প্রথম কোনো বাংলাদেশী নারী ওসেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন বলেও জানান রাকসান্ড।
ওয়াসফিয়া এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশী এবং দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চুড়ায় আরোহন করেন। এর আগে ২০১১ সালের ২ অক্টোবর তিনি আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো এবং ২০১১ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকোনকাগুয়া জয় করেন।
তার আগে ২০১১ সালের জুলাই মাসে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলবার্সের চূড়ার ৩০০ মিটার নিচে থেকে খারাপ আবহাওয়ার জন্য ফিরে আসেন ওয়াসফিয়া। এছাড়া তিনি ২০০৯ সালে নেপালের লু রী পর্বত, ২০১০ সালে আইল্যান্ড পিক জয় করেন। ২০১৩ সালের ২৮ মার্চ ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করেন।







