মেয়েদের এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলেছে বাংলাদেশ। ১১৪ রানের বিশাল ব্যবধানে জেতায় সেমিফাইনালের দুয়ারও খুলে গেছে জ্যোতি-নাহিদা-রুমানাদের। রান রেটে থাইল্যান্ডকে পেছনে ফেলায় গ্রুপ রানার্সআপ টিম টাইগ্রেস। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হবে অপর গ্রুপের চ্যাম্পিয়ন ভারত।
বুধবার ডাম্বুলায় দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে একশর (৭৭) আগেই থামে মালয়েশিয়া। এলসা হানটার সর্বোচ্চ ২০ রান করেন ২৩ বল খেলে।
১৪ মাস পর আন্তর্জাতিক ম্যাচে নামা জাহানারা আলম ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতে পান উইকেটের দেখা। পরে অবশ্য আর সাফল্য পাননি টাইগ্রেস পেসার। ৪ ওভারে দেন ২০ রান।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৪ ওভারে ১৩ রানে ২টি উইকেট নেন। সাবিকুন নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।
আগে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন মুর্শিদা খাতুন। অল্পের জন্য পারেননি। বাংলাদেশও পারেনি দুইশ ছুঁতে। অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে মেয়েদের এশিয়া কাপে টি-টুয়েন্টিতে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে টিম টাইগ্রেস।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ পায় ১৯১ রানের বিশাল পুঁজি। এশিয়া কাপে যা নিজেদের সর্বোচ্চ সংগ্রহ।
৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন স্পিনিং অলরাউন্ডার রুমানা আহমেদ। মুর্শিদার ওপেনিং সঙ্গী দিলারা আক্তার ২০ বলে ৩৩ রান করে ফেরেন। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৫ রান। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় দেড়শ পেরিয়ে।
স্বাগতিকদের কাছে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে সহজে হারায় টিম টাইগ্রেস। এবার মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমি নিশ্চিত করল নিগার সুলতানার দল।







