বিলুপ্তপ্রায় হরিণ শিকার করে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। বিরল ওই হরিণটি শিকারের পর একটি ছবি প্রকাশ হওয়ায় এই সমালোচনার মুখে পড়েছেন ১৯৮৬ সালের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক হাতে হরিণ আর অন্যহাতে বন্দুক ধরা একটি ছবির সূত্রে আবারও আলোচনায় এসেছেন ম্যারাডোনা। ব্রিটিশ পত্রিকা দ্য সান তাদের রিপোর্টে জানিয়েছে ছবিটি সত্য কিনা এ নিয়ে সংশয় রয়েছে কিংবা হরিণটাকে ম্যারাডোনা নিজ হাতে গুলি করেছে কিনা তাও জানা যায় নি।
ছবিতে দেখা যায়, অ্যারাবিয়ান অরিক্স (একজাতীয় কৃষ্ণসার বিরল হরিণ) শিকার করে হাতে ধরে আছেন তিনি। তবে, এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেননি ওই ফুটবল কিংবদন্তি।
জানা গেছে, ১৯৮৬ সালে এই প্রজাতির (এন্টেলোপ) হরিণকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ কমিটি (আইইউসিএন)। ২০১১ সালের এক জরিপে দেখা যায়, সবমিলিয়ে উন্মুক্ত পরিবেশে হাজার খানেক অরিক্স এখনও টিকে আছে।








