বিমানবন্দরে নিরাপত্তার পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার

কোনো ‘রেড’ বা ‘অরেঞ্জ’ এলার্ট জারি করা না হলেও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন নতুন সিকিউরিটি সামগ্রী সংযোজনের পাশাপাশি জোর দেয়া হয়েছে পরিচ্ছন্নতার উপরও।
সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উপস্থিত বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। রানওয়ে পরিস্কারের উদ্দেশ্যে সবার হাতে গার্বেজ ব্যাগ।
মাইকে ঘোষণার সাথে সাথে শুরু হয়ে যায় বিশেষ এই পরিচ্ছন্নতা কার্যক্রম। রানওয়েতে বিমান উড্ডয়ন নিরাপত্তার জন্য হুমকি থাকে এমন সব অনাকাংখিত বা অপ্রয়োজনীয় বস্তু থাকলে তা স্বতফুর্তভাবে পরিস্কার করেন সবাই মিলে।
সিভিল এভিয়েশন অথরিটির তত্ত্বাবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পুরোটা জুড়েই ছিলো এই পরিচ্ছন্নতা অভিযান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান বলেন, এটার উদ্দেশ্য হচ্ছে রানওয়েতে যে কোনো ময়লা দেখার পর যেন সবার মধ্যে যেন স্পৃহা তৈরি হয় যে এটা আমার দ্বায়িত্ব, আমাকেই পরিস্কার করতে হবে।
অন্যের দিকে তাকিয়ে না থেকে আমি যেন নিজেই এটা পরিস্কার করি, এই যে স্পৃহা নিজের মনের ভেতর তৈরি করা এটা জাগিয়ে তোলার জন্যই এই প্রচেষ্টা।
কেবল পরিচ্ছন্নতাই নয় এর পাশাপাশি নিরাত্তার অংশ হিসেবেও এই কার্যক্রম।
গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান আরও বলেন, আমরা সব সময়ই আলার্ট আছি, আমরা খুব সুশৃঙ্খল ভাবেই নিরাপত্তা নজরদারি করছি, আরো কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনা হলে এই নিরাপত্তা নিশ্চিতকরণ আরো সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে বিমানবন্দরের পুরো রানওয়ে সংস্কারের কাজ শেষ হওয়ার কথা বলেছে সিভিল এভিয়েশন অথরিটি।



