বিনা বিচারে দীর্ঘ ১৩ টি বছর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে বন্দী জীবন কাটানো শাকের আমের (৪৬) অবশেষে সর্বশেষ বৃটিশ নাগরিক হিসেবে মুক্তি লাভ করেছেন। কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক এই কারাগারটিতে চার সন্তানের জনক শাকেরকে আটকে রাখা হয়েছিলো ২০০২ সাল থেকে।
আফগানিস্তানে ত্রাণকর্মী হিসেবে কাজ করা আমেরকে অপহৃত হন এবং ২০০১ সালে তাকে যুক্তরাষ্ট্রের বাহিনীর হাতে তুলে দেয়া হয়। বন্দি থাকাকালীন আমের মারধোর ও ঘুমাতে না দেয়ার মতো অত্যাচারের শিকার হতেন বলে জানান। এছাড়াও তাকে ৩৬০ দিন নিঃস্বঙ্গ অবস্থায় আটকে রাখা হয়েছিলো বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্রের বহু গোপন সামরিক তথ্য প্রকাশ করা ওয়েবসাইট উইকিলিকস থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাকে ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বর্ণনা করেছে।
লন্ডনে অবস্থান করা পরিবারের কাছে ফিরলেন শাকের। তাকে বহনকারী বিমানটি যুক্তরাজ্যে অবতরণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শাকেরের মুক্তিতে অভিনন্দন জানিয়েছেন। তবে দীর্ঘ অবরুদ্ধ জীবন কাটানোর ফলে শাকেরের স্বাস্থ্য নিয়ে শংকা রয়েছে। একটি এম্বুলেন্সকেও এয়ারপোর্টে অবস্থান করতে দেখা যায়।







