সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ট্র্যাপে ফেলার ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। সে অভিজ্ঞতা আমাদের হয়েছে।
তিনি বলেন: ৫ জানুয়ারি বিএনপি নির্বাচনে আসেনি, তবুও নির্বাচন হয়েছে, দেশে-বিদেশে সে নির্বাচন সমাদৃতও হয়েছে।
শনিবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে যাতায়াতকারী যাত্রীদের নির্বিঘ্নে ঈদে বাড়ীতে ফেরা প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
কালিয়াকৈরের সুত্রাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প (সাসেক) এর সেমিনার কক্ষে শনিবার সকাল ১১ টায় এক বৈঠক করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম. মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক, সড়ক পরিহন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন ।
মন্ত্রী বলেন: ‘খুলনা সিটি নির্বাচন খুলনার মানুষ মেনে নিয়েছে। কেউ প্রত্যাখ্যান করেনি। শুধু বিএনপি প্রত্যাখ্যান করেছে। এটা তারা সব নির্বচানেই করে।’
সভায় মহাসড়ক দিয়ে চলাচল স্বাভাবিক করতে কর্মকর্তাদের দাবীর প্রেক্ষিতে প্রয়োজনীয় স্থানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
এর আগে মন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ৪ লেনের উন্নীতকরণ কাজের পরিদর্শন করেন।









