বুধবার বিকেলে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের আরোহীদের একজন ছিলেন পাকিস্তানের গায়ক এবং ধর্ম প্রচারক জুনায়েদ জামশেদ। ওই দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন।
পিআইএ পিকে-৬৬১ নামের বিধ্বস্ত এই এয়ারলাইন্সটিতে তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন। জুনায়েদ জামশেদের ভাই নিশ্চিত করেছেন যে তিনি এই বিমানটিতেই ছিলেন।
গতকালের পাকিস্তানে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ইসলামাবাদের অ্যাবোটাবাদের ২০ কিলোমিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়।
ইসলামাবাদের উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩টার দিকে পর্যটন নগরী চিত্রল থেকে উড়োজাহাজটি ৪৭ জন আরোহী নিয়ে রওনা দেয়। সেটি রাজধানী থেকে ১২৫ কিলোমিটার দূরে হাভেলিয়ান শহরের কাছে বিধ্বস্ত হয়।
যাত্রীদের মধ্যে দু’জন অস্ট্রেলীয় এবং একজন চীনা নাগরিক ছিলেন। আরোহীদের সবার শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।







