দুই দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সিলেটের খাদিমপাড়ার এলাকাবাসী আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে সিলেট-তামাবিল সড়ক যাবত অবরোধ করে। সোমবার রাতে ঝড়ের কারণে বিদ্যুৎ চলে গিয়েছিলো।
সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সূত্রে জানা যায়, সিলেট-তামাবিল সড়কের অনন্ত ৩টি স্থানে অবরোধ করছিলো স্থানীয় এলাকাবাসী। এতে ব্যস্ততম এই সড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে আছে।
সন্ধ্যা ৬ টায় খাদিমপাড়া হিল ভিউ টাওয়ারের সামনে, দাসপাড়ার সামনে ও খাদিমপাড়া ইউপির সামনে বিক্ষুব্দ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করে তারা। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধেও শ্লোগান দিতে থাকে তারা। এলাকার নারীরাও রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন।
এলাকাবাসীর অভিযোগ, সোমবার মধ্যরাতে ঝড় শুরু হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। এরপর দুই দিনেও বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেয় নি।
এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ে বিদ্যুতের সঞ্চালন লাইন ছিড়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে।
শাহপরান থানার ওসি মোহাম্মদ শাহজালাল মুন্সী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে।
তবে বিক্ষোভকারীদের একজন খাদিমপাড়া এলাকার বাসিন্দা রায়হান বলেন, “বিদ্যুৎ না দেয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না”।









