হাথুরুসিংহে চলে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের পদ খালি। হাই-প্রোফাইল একজন বিদেশি কোচ হন্নে হয়ে খুঁজছে বিসিবি। কয়েকজনের সাক্ষাতকারও নেয়া হয়েছে। আলোচনার টেবিলে আছেন আরও কয়েকজন। বছরের শেষ মাসজুড়ে বিসিবি পাড়ায় আলোচনার প্রধান রসদ ছিল কোচ নিয়োগ ঘিরেই। মাশরাফী-সাকিবদের জন্য কেমন কোচ চাই সে প্রসঙ্গে বলতে গিয়ে ঘরের দিকেই তাকাতে বললেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বলটি করা সাবেক পেসার গোলাম নওশের প্রিন্স।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে থিতু হওয়া প্রিন্স ১০ দিনের সফরে দেশে এসেছেন। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে মোস্তাফিজ-তাসকিন-রুবেলদের অনুশীলনে হাজির হয়েছিলেন। সেখানেই চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়ে বললেন দেশি কোচ প্রসঙ্গে। বাংলাদেশ দলের সাবেক বাঁহাতি পেসার মনে করেন, দেশি কোচরাই এখন টাইগারদের দায়িত্বটি সামলাতে পারবেন।
‘আমাদের কী আসলেই বিদেশি কোচ দরকার? নিজেদের দেশে এত কোচ থাকতে! আমরা তো জানি লেভেল ১, ২, ৩ করা লোক আছে অনেক। আমাদের খেলোয়াড়, কোচরাও কিন্তু অনেক কোচের সঙ্গেই কাজ করেছে। কোচিং তো আর রকেট সায়েন্স না! আমার ধারণা স্থানীয় কোচদের কথা খেলোয়াড়রা সুন্দরভাবে বুঝতে পারে, নিজেদের কথাও সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দেশি কোচ হলেই এ দলটার জন্য ভাল হয়।’
দেশিদের মধ্যে কে হতে পারেন টাইগারদের কোচ সেটি অবশ্য নাম ধরে বললেন না প্রিন্স। শুধু বললেন, ‘এখন যারা ভাল করছেন। বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, অভিজ্ঞতা হয়েছে; তাদের মধ্যে থেকেই কাউকে দায়িত্বটা দেয়া যায়।’
অনেক বছর পর জাতীয় দলে স্থানীয় কোচ যুক্ত করার প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় সিরিজের জন্য কোচিং ডিরেক্টরের ছায়ায় মূলত হেড কোচের দায়িত্বই সামলাবেন খালেদ মাহমুদ সুজন। তার দায়িত্বটি আবার অন্তর্বর্তীকালীন। সঙ্গে দেশ-বিদেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এমন দু’জন কোচও আছেন যারা দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করার যোগ্যতা রাখেন। একজন, দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল; অন্যজন মোহাম্মদ সালাউদ্দিন।

অন্যদিকে বিদেশি কোচের ব্যাপারে আগ্রহ নেই জাতীয় দলের ক্রিকেটারদেরও! এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, কোচ নিয়োগ প্রসঙ্গে খেলোয়াড়দের একেকজনের একেকমত। অনেকে মনে করেন তাদের কোচেরই দরকার নেই!
বৃহস্পতিবার মিরপুরে জাতীয় দলের ক্যাম্পে পেস বোলারদের নিয়ে কাজ করেছেন সুজন। পরে নেটে ব্যাটিংও করেছেন কয়েকজন। ব্যাটসম্যানদের মধ্যে মিরাজ, সোসাদ্দেক, মাহমুদউল্লাহ, আরিফুলসহ কয়েকজনকে দেখা গেল নেটে। স্থানীয় কোচের অধীনে কাজ করাটা ক্রিকেটারদের জন্য যে সহজ সেটিরও ছাপ দেখা গেছে অনুশীলনে। সবাই ছিলেন বেশ প্রাণবন্ত, ফুরফুরে মেজাজে।







