বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ পরিস্থিতির উন্নতি এবং সরবরাহ বাড়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়।
এর আগেও শুক্রবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তৈরি হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা বিবেচনায় নিচ্ছিলেন বিনিয়োগকারীরা। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত স্বাভাবিক হতে থাকায় সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জাহাজ চলাচলে এখনো হামলার ঝুঁকি রয়েছে।
আইইএর পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে। যা সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে সংস্থাটি একই সময়ে সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব বদলে যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এ আইনের আওতায় যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পরিবহণে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। ছাড় বাড়ানোর ফলে বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহনের সুযোগ পাবে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে।
এদিকে রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও ওই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি এখনো কাটেনি।






