বিভিন্ন ওয়েবসাইটে দেখানো বিজ্ঞাপনের উপর ভিজিটরদের নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণা দিয়েছে গুগল। গুগল অ্যাকাউন্টে থাকা অ্যাড সেটিংস এবং মিউট অপশন আপডেট করা হবে।
সাধারণত গুগলে কিছু খোঁজার পর কিংবা কোনো ওয়েবসাইট ব্রাউজ করার পর এর সাথে সম্পর্কিত বিজ্ঞাপন বিভিন্ন ওয়েবসাইটে দেখায় গুগল। কখনও কখনও কয়েক সপ্তাহ ধরেই ওই বিজ্ঞাপন দেখানো হয়। গুগল বলছে এ ধরনের বিজ্ঞাপন সাধারণত একমাস পর্যন্ত দেখানোর জন্য নির্ধারণ করে দেয় বিজ্ঞাপনদাতারা।
তবে নতুন আপডেটের পর চাইলেই এ ধরনের বিজ্ঞাপন বন্ধ করে রাখা যাবে। গুগল অ্যাকাউন্ট থেকে খুব সহজেই ‘Your reminder ads’ অপশন ব্যবহার করা ৯০ দিনের জন্য কুকি ভিত্তিক এ বিজ্ঞাপনগুলো বন্ধ করতে পারবেন একজন ব্যবহারকারী।
বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার সুবিধা গুগল প্রথম চালু করেছিল ২০১২ সালে। এখন এই ফিচারটিকেই আরও আপডেট করা হচ্ছে। গুগলের মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শন করে, এমন সাইটগুলোতে শীঘ্রই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার সুবিধা পাওয়া যাবে।








