বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে দেশে কর্মসংস্থান বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক উন্নয়নে বিজ্ঞান গবেষণায় জোর দেওয়ারও আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্য বিষয়ে গবেষণায় পিছিয়ে থাকার কথা উল্লেখ করে দেশের সার্বিক উন্নয়নে বিজ্ঞান গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান খুবই আকর্ষণীয় বিষয়, তাই এর প্রতি ছেলেমেয়েদের যত আগ্রহ বৃদ্ধি করা যাবে ততোই দেশের জন্য ভালো। তাই বর্তমান সরকার সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান, সাধারণ অনুদানের পাশাপাশি শুধুমাত্র বিজ্ঞান গবেষণায় আরও আগ্রহী করে তুলতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ প্রদান করছে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে জানিয়ে সবাইকে সর্তক থাকার পাশাপাশি দ্রুত ভ্যাকসিন নেবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।








