ভারতের কালার’স টিভির তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ-বস’। গত সাত বছর ধরেই অনুষ্ঠানটির সঞ্চালনা করছেন বলিউডের মেগা তারকা সালমান খান। ‘বিগ বসের’ এমন আকাশচুম্বী সাফল্যের কারণ মূলত সালমানের উপস্থিতি।
কিন্তু এই অনুষ্ঠানটিকে ঘিরে তো আর কম সমালোচিত হন নি সালমান! আলোচনার পাশাপাশি বয়ে গেছে সমালোচনার ঝড়ও। এবার নিয়ে সিজন এগারোতে পা দিচ্ছে শো টি। এবং সঞ্চালনার হট সিটে যথারীতি সালমানই।
যদিও কতদিন আগেও শোনা যাচ্ছিল এবার আর দেখা যাচ্ছে না সালমানকে। কিন্তু এমন ঘোষণাই যেন নিয়ম করে ফেলেছেন সালমান। প্রতিবারের সেশন শেষেই তিনি ঘোষণা দেন এটাই তার শেষ শো, কিন্তু শেষমেষ ঠিকই থাকেন সালমান।
এবার সেশন এগারোতে সালমান খানের পারিশ্রমিকটা রীতিমত আঁতকে ওঠার মতো। প্রতি পর্বের জন্য সালমান নিচ্ছেন ১১ কোটি রুপি!
এ ব্যাপারে কালার’স এর সিইও রাজ নায়ককে জিজ্ঞেস করা হলে তার জবাবটাও ছিল অবাক করা। ‘১১ কোটি সালমানের পারিশ্রমিক হিসেবে কমই হয়ে যায়!’
তবে কি পারিশ্রমিক আরও বেশি ভেবে রেখেছিলেন তারা? এ অনুষ্ঠানটির জন্য তো আর ভালবাসাও কম পান নি সালমান ! অক্টোবরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে এবারের ‘বিগ বসের সেশন ১১’।
ইন্ডিয়ান এক্সপ্রেস








