বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে ৪২ লাখ ফরম বিক্রির দাবি

বিএনপির চলমান সদস্য সংগ্রহ কর্মসূচিতে এ পর্যন্ত ৪২ লাখ সদস্য ফরম বিক্রি হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
রিজভী বলেন, পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে দেশজুড়ে পুরোদমে চলছে বিএনপির দুই মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। দলের এই কর্মসূচি ইতোমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তিনি বলেন, ফরম পূরণ করে দলের সদস্য হতে তরুণ-তরুণী, কৃষক-শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এছাড়া নারীদের মধ্যে সদস্য হওয়ার আগ্রহ আরও বেশি।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রায় ৪২ লাখের অধিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। এছাড়া প্রতিদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্য হতে আগ্রহীরা হাজির হচ্ছেন। এছাড়া দলের জেলা ও মহানগরীর নেতারাও ফরম কিনতে আসছেন।
রিজভী বলেন, ক্ষমতাসীন দলের ‘তুফান’দের নারকীয় উল্লাসে দেশ আজ ক্ষতবিক্ষত। এই তুফানরাই সারাদেশে মানুষের ঘরবাড়ী, জায়গা-জমি দখলের পাশাপাশি নারীদের সম্ভ্রম নিয়ে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে।






