সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সকল প্রকারের গণপরিবহন বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। একইসঙ্গে ঢাকা-মাওয়া সড়কেও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলেও বিএনপির অভিযোগ।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন: বিরোধী দল দমনে সরকার যেসব কর্মকাণ্ড করছে, তা গণতান্ত্রিক রীতির অংশ হতে পারে না। সরকারের এসব আচরণ থেকে বিরত থাকা উচিত এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।
‘সরকার যদি অগণতান্ত্রিক কোনো কার্যকলাপ না করে, তাহলে সমাবেশে বড় ধরনের লোক সমাগম হবে’, বলেন রিজভী।
শনিবার দুপুরে ডিএমপির কাছ থেকে ২৩ টি শর্তে সমাবেশের অনুমতি পাওয়ার পর সন্ধ্যা থেকে মঞ্চ নির্মাণের কাজ শুরু করে বিএনপি। রাতভর চলে কাজ। রাতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মঞ্চ নির্মাণে কাজ করেছে।
এর পরিপ্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের মঞ্চ প্রস্তুত হয়েছে। সকাল ৮ টা থেকে উদ্যান থেকে মাইকের আওয়াজ ভেসে আসছে আশপাশের এলাকায়। তবে সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে ধীরে ধীরে কর্মীরা আসতে শুরু করেছেন। এতে আশপাশের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দীর্ঘ ১৯ মাস পর এধরনের একটি জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি। রোববার দুপুর ২টা থেকে সভা শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।







