কথা ছিল, গতকাল বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ে ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ ছবির ট্রেলর আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করা হবে। তা আর হলো না, সকালেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তা ফাঁস হয়ে যায়। তবে কোথা থেকে, কীভাবে এই ট্রেলর ফাঁস হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।
ছবির ৩০০টি দৃশ্য নিয়ে এই ট্রেলর তৈরি করা হয়েছে। ২ মিনিট ১০ সেকেন্ডের এই ট্রেলরে রয়েছে হাই ভোল্টেজ ড্রামা আর সাসপেন্স।
গতকাল বৃহস্পতিবার সকালেই নাকি ছবির পরিচালক এস এস রাজামৌলির টুইটারে ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ ছবির ট্রেলর শেয়ার করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, তাহলে পরিচালকের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছে? নাকি প্রচারের উদ্দেশ্যে ‘টিম বাহুবলী’ ট্রেলর ফাঁস হওয়ার গল্প ফেঁদেছে?
তবে যা–ই হউক, ‘বাহুবলী টু : দ্য কনক্লুশন’ ছবি নিয়ে যে দর্শকদের আগ্রহ সর্বোচ্চা সীমায় পৌঁছেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। অভিনয় করেছেন রামাইয়া কৃষ্ণন, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি প্রমুখ।
এর আগে ‘বাহুবলী’ ছবিটি দারুণ ব্যবসা সফল হয়েছিল।








