এক মৌসুম আগে মাত্র ১৫ মিলিয়ন ইউরোতে রেঁনে থেকে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন উসমানে ডেম্বেলে। ঠিক এক বছর পর ১০ গুণ দামে বার্সেলোনায় পাড়ি জমাতে যাচ্ছেন ২০ বছর বয়সী এই ফরাসী উইঙ্গার। স্প্যানিশ গণমাধ্যমের খবর, বার্সা-ডেম্বেলে আনুষ্ঠানিক চুক্তিটাই কেবল বাকি এখন।
তাতে বিশ্বের দ্বিতীয় দামি তো বটেই, বার্সার ইতিহাসে দলবদলের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলারই হতে যাচ্ছেন ডেম্বেলে। চার বছর আগে ৯৭ মিলিয়ন ইউরোতে সান্তোস থেকে নেইমারকে কেনার পর ১৫০ মিলিয়নে ডেম্বেলেকে দলে টানছে বার্সা।
বার্সার কেনা প্রথম ফুটবলার হিসেবে ১০০ মিলিয়নের কোটা পূরণ করবেন ডেম্বেলে। এর আগে বার্সার কেনা সবচেয়ে দামি ফুটবলারদের তালিকা এক নজরে দেখে নেয়া যাক-
ডেভিড ভিয়া (৪০ মিলিয়ন ইউরো)

ভ্যালেন্সিয়া থেকে ২০১০ সালে ৪০ মিলিয়ন ইউরোতে এই অস্ট্রিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবলারকে কেনে বার্সা। তিন মৌসুমে ভালোই খেলেছেন ভিয়া। কিন্তু একের পর এক চোটে পড়ায় কাতালানরা বাধ্য হয় তাকে অ্যাটলেটিকোর কাছে বিক্রি করে দিতে।
জ্লাতান ইব্রাহিমোভিচ (৬৯ মিলিয়ন ইউরো)

লিওনেল মেসির সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলার জন্য ২০০৯ সালে এই সুইডিশ তারকাকে ইন্টার মিলান থেকে উড়িয়ে এনেছিল বার্সা। কাতালানদের হয়ে মাত্র এক মৌসুম খেলেছেন। ২৯ ম্যাচে করেছেন ১৬ গোল। কিন্তু পরের মৌসুমে বার্সা ছেড়ে এসি মিলানে পাড়ি জমান। কারণ হিসেবে দেখিয়েছেন, মেসি চাননি বলেই তৎকালীন বার্সা কোচ পেপ গার্দিওলা তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখতেন। এজন্য গার্দিওলাকে ‘কাপুরুষ’ বলতেও ছাড়েননি ইব্রা।
লুইস সুয়ারেজ (৮১ মিলিয়ন ইউরো)

২০১৪ বিশ্বকাপে কামড় কেলেঙ্কারির পর লিভারপুল থেকে এই উরুগুইয়ান ফরোয়ার্ডকে এনে সমর্থকদের তোপের মুখে পড়ে বার্সা। কিন্তু মেসি-নেইমারদের সঙ্গে জুটি বেঁধে অন্য এক সুয়ারেজে পরিণত হন তিনি। গত তিন মৌসুমে বার্সার রূপকথার আক্রমণভাগ ‘এমএসএন’ জুটির অন্যতম পুরোধা তিনি। এখনও খেলছেন বার্সার হয়ে। তবে লা লিগা মৌসুমের আগেই চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন দেড় মাসের জন্য।
নেইমার (৯৭ মিলিয়ন)

ব্রাজিলিয়ান তারকার বার্সায় আসা নিয়েও শুরুতে যেমন নাটক ছিল, বিদায় নিয়েও চলেছে টানা দুই সপ্তাহের দলবদল নাটক। ২০১৩ সালে সান্তোস থেকে কাতালানদের দলে নাম লেখান ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড। বার্সার দাবি মতে কাগজে কলমে নেইমারের দামটা ৫৭ মিলিয়ন হলেও আসল দামটা যে ৯৭ মিলিয়ন সেটা পরে প্রকাশ পায় তার বিরুদ্ধে করা সান্তোসের মামলা থেকে। চলতি বছরের নতুন মৌসুমের আগে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিয়ে গড়েছেন ফুটবল দলবদলের রেকর্ড। মাঝখানে চারটি মৌসুম বার্সার জার্সি গায়ে ছড়িয়েছেন সৌরভ। ২০১৪ সালে সুয়ারেজ যোগ দেয়ার পর মেসিকে সঙ্গী করে ফুটবল বিশ্বের রক্ষণে ছড়িয়েছেন ত্রাস।
ডেম্বেলে (১৫০ মিলিয়ন)

নেইমারের অভাব পূরণ করতেই বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলার হয়ে বার্সায় যোগ দিচ্ছেন এই ফরাসী তারকা। তার দলবদল নিয়েও কম নাটক হয়নি। কয়েকদফা দাম প্রস্তাব করার পরও বারবার বরুশিয়ার কাছে প্রত্যাখ্যাত হয়েছে কাতালানরা। ডেম্বেলে বার্সার জার্সি গায়ে পড়তে চান বলে জার্মান দলটির হয়ে অনুশীলনেও ফাঁকি দিচ্ছিলেন ক্রমাগত। তাই শেষ পর্যন্ত বরুশিয়া বাধ্য হচ্ছে ডেম্বেলেকে স্প্যানিশ জায়ান্টদের হাতে ছেড়ে দিতে। আনুষ্ঠানিক চুক্তি সারা হলে এটিই হবে বার্সার ইতিহাসের সর্বোচ্চ দামের দলবদল।








