এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ভুলতে বসা পরাজয় বরণ করার পর আবারও একই তিক্ত স্বাদ পেলো বার্সেলোনা। রিয়াল সোসিয়াদের বিপক্ষে এ্যানোয়েতা স্টেডিয়াম লা লিগায় টানা দ্বিতীয়বার চরম হতাশার রাত গেলো লুইস এনরিকের শিষ্যদের।
২০১৪ সালের নভেম্বরের পর এটাই বার্সার টানা দ্বিতীয় হার। এর ফলে শীর্ষে থাকা বার্সার সাথে এ্যাটলেটিকো আর রিয়ালের শিরোপার লড়াইটা আরও জমজমাট হয়ে উঠলো।
পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান মাত্র ৩ আর রিয়ালের থেকে ৪ পয়েন্ট এগিয়ে কাতালানরা। নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেজের অনুপস্থিতিটা যেনো প্রকটভাবেই অনুভব করলো বার্সা। আর তাই ম্যাচের পঞ্চম মিনিটেই করা মাইকেল ওয়ারজাবালের গোলটাই ফলা নির্ধারক হয়ে উঠে।
কঠোর রক্ষণবুহ্যের সাথে সোসিয়াদের দুর্দান্ত ফর্মে থাকা গোলকিপার রুলির কৃতিত্বই সবচেয়ে বেশি। তার দুর্দান্ত ক্ষিপ্রতার কাছে পরাস্ত হয়েছেন মেসি, নেইমার, ইনিয়েস্তারা। নিজের ৫০০ তম গোলের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘ করেন ফুটবল জাদুকর ম্যাচে ফেরার সবচেয়ে ভালো সুযোগটি মিস করে।

জাবি প্রিয়েতোর চমৎকার ডেলিভারি থেকে মাইকেলের দর্শনীয় হেডে পিছিয়ে পড়ার পর মরিয়া বার্সা আধিপত্য বজায় রেখে খেললেও জালের দেখা আর পায়নি। বারবার দেয়াল হয়ে দাড়িয়েছেন দুর্দান্ত কয়েকটি সেভ করা আর্জেন্টাইন রুলি।






