আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বাবা অবসরপ্রাপ্ত অতিরিক্ত কর কমিশনার তছলিম উদ্দিন আহমেদ মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর উত্তরার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি সংগঠনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন, শহীদজায়া নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল এ শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।







