বিনোদন

বাবার স্বপ্ন পূরণে করণের ‘কলঙ্ক’ ও সঞ্জয়-মাধুরী

বাবার স্বপ্ন পূরণে করণের ‘কলঙ্ক’ ও সঞ্জয়-মাধুরী

এটি ছিল বাবার স্বপ্ন। করণ যোহরের বাবার স্বপ্ন।  ‘কুচ কুচ হোতা হ্যায়’ এর করণ যোহর। কিংবা ‘কাভি খুশি কাভি ঘাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ অথবা ‘কফি উইথ করণ’ এর করণ যোহর। বাবার মৃত্যুর পনের বছরের মাথায় এসে তার স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিয়েছেন করণ যোহর। সেই স্বপ্নে জুড়ে যাবে নব্বই দশকের অসাধারণ জুটির পুনর্মিলন। ২৫ বছর পর। ‘খলনায়ক’ সঞ্জয় দত্ত এবং ‘তেজাব’ মাধুরী দীক্ষিতের পর্দায় মিলন। যদিও দুজনের বাস্তব সম্পর্কের পথ এক সময় জমাট ছিল একদিকেই।

বাবা যশ যোহরের অন্যতম স্বপ্নের প্রজেক্ট ছিল ‘কলঙ্ক’। কিন্তু করা হয়ে ওঠেনি। ২০০৪ সালে মারা যান যশ যোহর। ১৯৪০ সালের প্রেক্ষাপট নিয়ে সাজানো সিনেমার পটভূমি। অবিভক্ত ভারতের গল্প সেটি। করণ যোহরের বাবার জন্ম অবিভক্ত ভারতের বর্তমান পাকিস্তানের লাহোরের পাঞ্জাবে। ১৯২৯ সালে। তার কৈশোরে বিভক্ত হয়ে যায় ভারত। ঐতিহাসিক পটভূমিতে দেশভাগের যন্ত্রনা এবং অপূর্ণ ভালোবাসার গল্পে ‘কলঙ্ক’ তৈরী করতে চলেছেন করণ যোহর।

সিনেমাতে ‘খলনায়ক’, ‘সাজন’ জুটি সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। রিল এবং রিয়েল লাইফের দুজনের জমাট রসায়ন নব্বই দশকের বলিউড তথা উপমহাদেশ আচ্ছ্বন্ন করে রেখেছিল। সঞ্জয় দত্তের অন্ধকার জগতের সম্পৃক্ততায় বিচ্ছিন্ন হয়ে যান দুজন। মূলত ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে সঞ্জয়ের সম্পৃক্ততা তাদের বিচ্ছেদ প্রক্রিয়া দ্রুত করে।

চলচ্চিত্রটিতে ‘অক্টোবর’ খ্যাত বরুণ ধাওয়ান এবং ‘রাজি’ খ্যাত আলিয়া ভাট এর পাশাপাশি ‘আশিকী ২’ এর আদিত্য রয় কাপুর এবং ‘রাউডি রাঠোর’ সোনাক্ষী সিনহাকে চুক্তিবদ্ধ করেছেন করণ যোহর।

বহু তারকা সমৃদ্ধ সিনেমাটির মুক্তির সম্ভাব্য তারিখ আগামী এপ্রিলে। ১৯ এপ্রিল। সিনেমাটি পরিচালনা করছেন ‘টু স্টেট’ খ্যাত নির্মাতা অভিষেক বর্মণ। এমন সিনেমার জন্য এক বছর অপেক্ষা করতেই পারে সিনেমা প্রেমীরা।

বিষয়:করণ যোহর মাধুরী দীক্ষিত সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…