বাংলাদেশে আসার আগে ছোটখাটো একটা ধাক্কাই খেলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা অনুশীলন ম্যাচে বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন তিনি। তবে গুরুতর কিছু ঘটেনি বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ডারইউনে তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন ওয়ার্নার। বাংলাদেশ সফরের টেস্ট দলে থাকা পেসার জশ হ্যাজেলউডের একটি বাউন্সারে আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন অজি ওপেনার। প্রথমে ওয়ার্নারসহ সবাই একটা ধাক্কা খায়। কিন্তু পরে দেখা যায় তেমন গুরুতর কিছু নয়। কারো সাহায্য ছাড়াই ডাক্তারদের সঙ্গে ড্রেসিংরুমে ফিরে যান ওয়ার্নার।
অনুশীলন ম্যাচে ভাল করতে পারেননি ওয়ার্নার। প্রথম ইনিংসে ৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৪ বলে খেলে করেন ২ রান।
ওয়ার্নার না পারলেও দিনের শুরুতে রান পেয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। স্মিথ ৮৪ ও ম্যাক্সওয়েল করেছেন ৪৫ রান। আর ৬ উইকেটে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করেছে স্মিথ একাদশ। প্রথম ইনিংসে ওয়ার্নার একাদশ ৬ উইকেটে ৩৬০ রানে ইনিংস ঘোষণা করেছিল।
দুই টেস্টের সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।








