মানুষ কখনো কখনো তার স্বপ্নের চেয়ে বড় হয়, আবার কখনো স্বপ্ন মানুষকে তার সময়ের সীমা ছাড়িয়ে নিয়ে যায় দূর ভবিষ্যতের পথে। দেশ কালের আবর্তে যাদের বেঁধে রাখা যায় না। এমন প্রতিভাধর সূর্য সন্তানদের নিয়ে এবার চ্যানেল আইয়ের পর্দায় আসছেন মুক্তিযোদ্ধা, সংগঠক, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
বিজ্ঞান, শিল্প, সাহিত্য, বিপ্লব, ক্রীড়াসহ মানুষের সৃষ্ট সকল বিদ্যায় কি মানবিকতায় নতুন শতকে নতুন দিনের মানুষেরা যেন শতসহস্র প্রতিভায় দীপ্ত হয়ে মানব সমাজ, সভ্যতাকে নিয়ে যাচ্ছে এক অনুকরণীয় উচ্চতায়। এমন প্রতিভাধর তরুণদের নিয়েই চ্যানেল আইয়ের অনুষ্ঠান ইউসিবি ‘আমাদের সন্তানেরা’। আগামি ১০ জানুয়ারি থেকে চ্যানেল আইয়ে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রচার হবে।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর গ্রন্থনা,পরিকল্পনা ও উপস্থাপনায় ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন রেহানা সামদানি কণা। নতুন এই অনুষ্ঠানটির বিস্তারিত পরিকল্পনা জানাতেই মঙ্গলবার দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানটির পরিকল্পনাকারী নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও কথা সাহিত্যিকি আনিসুল হক।
সংবাদ সম্মেলনে নতুন এই অনুষ্ঠান নিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম সত্যিই প্রস্তুত হয়েছে। তারা আমাদের চেয়েও অনেক উজ্জ্বল ও সুন্দর জিনিষ আমাদের উপহার দিচ্ছে। আমরা চেষ্টা করছি সেইসব তরুণ প্রজন্মের বিশাল অর্জনগুলোকে সবার সামনে তুলে ধরতে। ‘আমাদের সন্তানেরা’ তেমনি একটি প্রয়াস, যা চ্যানেল আইয়ে এখন থেকে প্রচার হবে।
চ্যানেল আইয়ের বয়স ২০ বছর চলছে। আমি সব সময়ই বলে আসছি আমাদের এমন কিছু করে যাওয়া উচিত যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে সহায়ক হবে। আমি মনে করি এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি।-বলছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
অনুষ্ঠানটি সম্পর্কে নাসির উদ্দীন ইউসুফ জানান, তরুণদের নিয়ে আমি সব সময় আশাবাদী। আমি সব সময় তরুণদের সঙ্গ পছন্দ করি। তাদের অর্জনগুলোকে সামনে তুলে ধরে আরো আরো তরুণদের উদ্বুদ্ধ করতেই ‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানির পরিকল্পনা। আশা করছি এই অনুষ্ঠানটি বাংলার সব তরুণদের স্পর্শ করে যাবে। তাহলেই কেবল আমাদের পরিশ্রম সফলতা পাবে।
যে তরুণরা দেশে-বিদেশে দারুণ দারুণ সব কীর্তি গড়েছেন তাদের নিয়ে এমন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান কথা সাহিত্যিক আনিসুল হকে।
‘আমাদের সন্তানেরা’ অনুষ্ঠানটি নিয়ে প্রযোজক রেহানা সামদানি কণা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর এই চমক লাগা, ঘোর লাগা তরুণদের ভিতর, বাইরে, অন্তঃবহিঃবৃত্তে জানতে চেয়েছেন, জানতে চেয়েছেন সবাইকে। দেশের এই সব কৃতি সন্তানদের উজ্জল আলোর প্রভায় আগামী দিনের তরুণ-তরুণী, দেশের মানুষ স্বপ্ন ও শক্তিস্নাত এবং ঋদ্ধ হবেন বলেই বিশ্বাস।
চ্যানেল আইয়ে ‘আমাদের সন্তানেরা’র প্রথম পর্ব প্রচার হবে ১০ জানুয়ারি রাত সাড়ে আটটায়। প্রথম পর্বের অতিথি গণিত অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশী স্বর্ণ পদক বিজয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী। এরপর বিভিন্ন ক্ষেত্রে অবদান ও দেশর প্রতিনিধিত্বশীল যেসব তরুণদের নিয়ে পর্ব প্রচার হবে তারা হলেন, সাজিদ ইকবাল, ডাক্তার যোবায়ের চিশতী, পনির, শাওন ও শম্পা, মেহজাবিন ও কেয়া, আতিক, যশোধর প্রামানিক, রাহাতুল খান, সাজ্জাদ হোসেন।








