বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সম্মেলন রোববার ঢাকায় শুরু হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমান এবং মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) চীফ অব পুলিশ জেনারেল স্টাফ নিজ-নিজ দেশের পক্ষে সম্মেলনে নেতৃত্ব দিবেন।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সম্মেলনে যোগ দিতে মিয়ানমারের চীফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে মিয়ানমারের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার ঢাকায় আসবেন।
রোববার সকাল সাড়ে ৯টায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে সীমান্ত সম্মেলন শুরু হবে।
বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এ সম্মেলনে অংশ নেবে। প্রতিনিধি দলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন।
দু’দেশের এ সীমান্ত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবেশী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বাড়ানোর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা।








