বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সময়-সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩ জুন থেকে মাঠে গড়াবে দুদলের তিন ম্যাচের সিরিজ।
প্রতিটি ম্যাচ হবে দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন। একদিন বিরতির পর শেষ ম্যাচ হবে ৭ জুন।
বিসিবি জানিয়েছে সিরিজের জন্য ২৯ মে দেরাদুনে যাবে বাংলাদেশ দল। ৩০ ও ৩১ মে অনুশীলন করবে। ১ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। পরে সিরিজ খেলে ৮ জুন দেশে ফিরবে।
আফগানিস্তানের হোম ভেন্যু হয়ে উঠেছে ভারতের উত্তরখণ্ডের দেরাদুন। বিসিবি যদিও চেয়েছিল অন্য ভেন্যুতে খেলতে। এসময় প্রচণ্ড গরম থাকে দেরাদুনে। তবে শেষ পর্যন্ত সেখানেই গড়াবে রশিদ খান-মোহাম্মদ নবীদের সঙ্গে সাকিব-তামিমদের সিরিজ।
বুধবার এক বিবৃতিতে এসিব’র প্রেসিডেন্ট আতিফ মাশাল বলেছেন, ‘টি-টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশকে হোস্ট করতে পেরে এসিবি আনন্দিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে উভয় পক্ষের জন্য এটি একটি ভালো সুযোগ হবে। একইভাবে, ক্রিকেট ভক্তরা উভয় পক্ষের মধ্যে খেলাটা উপভোগ করবে।’
টি-টুয়েন্টিতে দুদল এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছিল। তাতে জিতেছিল বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের চেয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকে মাঠে নামবে আফগানিস্তান। ছোট ফরম্যাটের বর্তমান র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে বাংলাদেশ। আর আফগানদের অবস্থান ৮ নম্বরে।






