বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজসহ আরও কয়েকটি সিরিজে অস্ট্রেলিয়ার সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা ফিক্সিংয়ে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা তাদের দ্বিতীয় তথ্যচিত্র প্রকাশ করার আগে এমন খবর দিয়েছে ক্রিকইনফোসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
চলতি বছরের মে মাসে আল জাজিরা ফিক্সিংয়ের ওপর তাদের প্রথম তথ্যচিত্র প্রচার করে। সেখানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়। খুব তাড়াতাড়ি দ্বিতীয় তথ্যচিত্রটি প্রচার করা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এই ফিক্সিংয়ের অভিযোগের ব্যাপারে অবগত। তারা নিশ্চিত করেছে, ২০১১ সালের কয়েকটি ম্যাচ ঘিরে এই অভিযোগ তুলেছে আল জাজিরা।
ওই বছর অস্ট্রেলিয়া বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে। তারা সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। এছাড়া ছিল বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর, সাউথ আফ্রিকা সফর। এরপর নিজেদের মাঠে দেশটি নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষেও মাঠে নামে।
প্রথম তথ্যচিত্র প্রচারিত হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আল জাজিরার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো তথ্য দিতে অপরাগতা প্রকাশ করে।
সম্প্রতি আইসিসি থেকেও আল জাজিরার সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করার কথা শোনা যাচ্ছে। তবে আল জাজিরা জানিয়েছে, আইসিসির সঙ্গে এখনো তাদের কোনো প্রকার বৈঠক হয়নি।
আল জাজিরার তথ্যচিত্রে দেখানো হয়েছে ভারতীয় একটি সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় ফিক্সিংয়ের বিষয়ে আলোচনা করছেন। অজি খেলোয়াড়দের নাম প্রকাশ না করা হলেও ফিক্সারদের ভেতর থেকে অনিল মুনাওয়ার নামের একজনের কথা বলা হয়। এখনো পর্যন্ত আইসিসি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া এই অনিলের কোনো হদিস পায়নি।









