এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের কিশোরীরা। নারী ক্যাটাগরিতে এএফসিতে এটি বাংলাদেশের প্রথম শিরোপা।
খেলার শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশ। তবে গোলের সুযোগ প্রথম পেয়েছিলো নেপালই। কিন্তু ১০ মিনিটের মাথায় অফসাইডের ফাঁদে পরে সেই সুযোগ নষ্ট করেন স্ট্রাইকার নির্মমলা। উল্টো ১৬ মিনিটে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। মিডফিল্ডার মারিয়া মান্ডার গোলে লিড নেয় লাল-সবুজরা।
প্রথমার্ধে বাংলাদেশের গোলে পোস্টে দৃশ্যমান কোনো আক্রমণই করতে পারেনি নেপালি মেয়েরা। পুরোপুরি অধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৩৪ মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ আসে বাংলাদেশের সামনে। কিন্তু কৃষ্ণা রানীর দুরন্ত শট ঠেকিয়ে দেন নেপালি গোলরক্ষক। মারিয়ার করা গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু এবার বারে প্রতিহত হয়।
৬০ মিনিটে আবার সুযোগ পায় বাংলাদেশ। এবার ক্রসবারে লেগে জায়গায়ই থেমে যায় বল এবং আরেকটি গোল থেকে বেঁচে যায় নেপাল। পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক তাসলিমাকে একবারও পরীক্ষায় ফেলতে পারেনি নেপালিরা। শেষ পর্যন্ত ১৬ মিনিটে করা মারিয়ার গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।
ম্যাচের প্রথমার্ধ শেষেই প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত হন নেপালি প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ট্রফি ও পুরস্কার তুলে দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন নেপালের যুব ও ক্রীড়ামন্ত্রী সাথিয়া নারায়ণ মন্ডল।
নির্ধারিত সময়ের ৮ মাস পর অনুষ্ঠিত হলো ফাইনাল ম্যাচ। গত এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিলো।







