ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা মানতে পারছেন না লুইস এনরিকে। তিনি বলছেন, এই তালিকায় মেসির থাকা উচিত ছিল।
২০১৭/১৮ মৌসুমের জন্য ফিফা সম্প্রতি তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখানে নাম রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, মোহামেদ সালাহ এবং লুকা মদ্রিচের। গত ১২ বছরের মধ্যে এই প্রথম সংক্ষিপ্ত তালিকায় নাম নেই মেসির।
মেসি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এনরিকে বলেন, ‘আমি হলে মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার দিতাম। অন্যদের থেকে সে এক কদম এগিয়ে।’

এনরিকে বার্সায় এক সময় মেসির কোচ ছিলেন। তিন মৌসুম তার অধীনে এক প্রকার অপ্রতিরোধ্য ছিলেন মেসি। এনরিকে সম্প্রতি স্পেন জাতীয় দলের কোচ হয়েছেন।
এর আগে ফ্রান্সের গ্রিজম্যানও ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমি আগেও সাক্ষাৎকারে বলেছি। এখনও বলছি বিশ্বচ্যাম্পিয়ন দলের কেউ এই তালিকায় না থাকাটা লজ্জার ব্যাপার। জানি না তাদের (ফিফার) মানদণ্ড কী।’








