বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাওদা হত্যার দায়ে তার কথিত প্রেমিক এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাসেলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বরিশালের জেলা ও দায়রা জজ মো. আনোয়ারুল হকের আদালতে রায় ঘোষণার সময় রাসেল কাঠগড়ায় উপস্থিত ছিলো।
২০১৩ সালের ৫ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্রী সাওদাকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ব্রাউন্ড কম্পাউন্ড রোডে কুপিয়ে জখম করে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র রাসেল।
ওইদিনই সাওদাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে আসা হয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাওদা।
এ ঘটনায় বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় রাসেলসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত সাওদার মা । মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন ২০১৪ সালের ৩০ এপ্রিল রাসেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
৩১ সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামলায় রায় দেন আদালত।
বরগুনার পাথরঘাটায় উচ্চ মাধ্যমিক পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলে সহপাঠিরা জানায়। কিন্তু সাওদার পরিবার তা মেনে না নেয়ায় সম্পর্কে ফাটল ধরে। এর জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে।






