বিআরবি কেবলস বিপিএল সিজন থ্রীতে নিজেদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংস ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল বুলসকে। ভাইকিংসের কোনো ব্যাটসম্যানই উল্লেখ করার মতো রান করতে পারেনি। শুরুতেই এনামুল হক ও অধিনায়ক তিলকরত্নে দিলশানের ৫২ রানের জুটির বড় সংগ্রহের আভাস দিলেও পরে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় নির্ধারিত ২০ ওভার খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে চিটাগং।
বিপিএলের এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চিটাগং আজ সান্ত্বনার জয় পেতেই বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নেমেছে। বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে উমর আকমল ২৫, আসিফ আহমেদ ১৭, ইয়াসির আলী ১১ রানের ছোট ছোট ইনিংস খেলেন।
বরিশাল দলে টি২০ মাস্টার ক্রিস গেইল এবং এবারের আসরের একমাত্র সেঞ্চুরির মালিক এভিন লুইস রয়েছেন, তাদের সামনে ভাইকিংসদের সংগ্রহ সামান্যই বলা যায়। তবে তাসকিন, শফিউল, ইলিয়াসরা জ্বলে উঠতে পারলে জয়েই শেষ হতে পারে চিটাগংয়ের এবারের বিপিএল অধ্যায়।
বরিশাল বুলসের কেভিন কুপার এবং মুহাম্মদ সামি দুইটি করে উইকেট নেন। এছাড়াও আল আমিন হোসেইন, সোহাগ গাজি এবং মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন।







