দেবের ‘চ্যাম্প’, ‘ককপিট’ এবং ‘অ্যামাজান অভিযান’ পরপর মুক্তি পাওয়া তিনটি ছবি দর্শক সাদরে গ্রহণ করেছে। সদ্য মুক্তি পাওয়া নতুন ছবি ‘কবির’ও একই কাতারে। মুক্তির দিন থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে ছবিটি। আর এবার অভিনেতা দেব ‘কবির’ নিয়ে গেলেন জেলখানায়। কারাবন্দিদের দেখালেন ছবিটি!
‘কবির’ ছবিটি নির্মাণ করছেন অনিকেত চ্যাটার্জি, প্রযোজনা করছেন দেব নিজেই। আর ছবিটির কাহিনি গড়ে উঠেছে সন্ত্রাসবাদকে কেন্দ্র করে। বন্দিদের অপরাধ প্রবণতা কমাতেই ‘কবির’ নিয়ে তাই জেলখানায় হাজির দেব। কথামতো জেল কর্তৃপক্ষও ছবিটি কয়েদির জন্য প্রদর্শনীর ব্যবস্থা করেছেন বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম।
আলিপুর প্রেসিডেন্সি জেলের কারা বন্দীদের দেখানো হল ‘কবির’। দেব ও রুক্মিনী অভিনীত ছবিটি ইতিমধ্যে দর্শকের মন জয় করে নিয়েছে। জেলে থাকা বন্দিদের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য ছবির স্ক্রিনিংয়ের ব্যবস্থা জেলের মধ্যেই করার উদ্যোগ নিয়েছেন ছবির নির্মাতারা। ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন দেব, পরিচালক অনিকেত চ্যাটার্জি। ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও।
ছবিটি কেনো কয়েদিদের দেখানোর ইচ্ছে পোষণ করলেন, এ বিষয়ে দেব বলেন: আমাদের এই ছবিটির বিষয় সন্ত্রাস। বর্তমানে সন্ত্রাসবাদের জন্য অসংখ্য মানুষ মারা যাচ্ছে, তাদের এই ছবিতে তুলে ধরা হয়েছে। আমরা এখানকার বন্দীদের জন্য এই বিশেষ শোয়ের ব্যবস্থা করেছি। কারণ, তারা ছবিটা দেখে বুঝতে পারবে শুধুমাত্র কিছু লোকের উস্কানিতে কীভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছে। এর আগে একজন বন্দী নিজেকে বদলে সাধারণ জীবনে ফিরে এসেছেন। তাই আশা রাখবো কবির ছবিটি দেখার পর এখানকার বন্দিরাও নিজেদের কাজের ভুল শুধরে সাধারণ জীবনে ফিরে আসবে।








